
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনব্যাপী সফরে ময়মনসিংহ যাচ্ছেন। সফরকালে তিনি একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন এবং স্থানীয় বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় সড়কপথে ঢাকার বাসভবন থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তার ত্রিশালে পৌঁছানোর কথা রয়েছে।
সফরের শুরুতেই দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে কিছু সময়ের জন্য বিরতি নেবেন প্রধানমন্ত্রী।
এরপর বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত মূল জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তিন দিনব্যাপী জাতীয় আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সংস্কৃতি বিষয়ক আয়োজন শেষে বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটরিয়ামে আয়োজিত এক বিশেষ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এবং ময়মনসিংহ মহানগর বিএনপির যৌথ সাংগঠনিক সভায় যোগ দিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।
দিনব্যাপী সব কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ত্রিশালসহ গোটা ময়মনসিংহ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝেও সফর ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন :