
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। ফলে ঈদের আগে ব্যাংকিং কার্যক্রমের জন্য কার্যত আর মাত্র দুই দিন—শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে)—স্বাভাবিকভাবে ব্যাংক খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক-এর সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ওই দুই দিন ব্যাংকের সব শাখা ও উপশাখায় নিয়মিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম চলবে।
তবে ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের গার্মেন্টস-সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে।
এই দুই দিনে ব্যাংকগুলোর অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ সময় বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সিস্টেমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী লেনদেন চলবে। হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য চেক পাঠাতে হবে দুপুর সাড়ে ১১টার মধ্যে এবং নিষ্পত্তি হবে দুপুর সাড়ে ১২টার মধ্যে। নিয়মিত ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠানো যাবে, যা নিষ্পত্তি হবে দুপুর ১টার মধ্যে।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো আগের নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের ছুটির দিনগুলোতেও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে বলে জানানো হয়েছে।
ঈদের ছুটিতে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :