অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী জার্মান তারকা লুকাস পোডলস্কি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী জার্মান তারকা লুকাস পোডলস্কি

২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান ফরোয়ার্ড লুকাস পোডলস্কি পেশাদার ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২২ মে) ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় তিনি জানান, চলতি গ্রীষ্মেই বুট জোড়া তুলে রাখবেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

বর্তমানে পোল্যান্ডের ক্লাব গোরনিক জাব্রজে-এর অধিনায়ক হিসেবে খেলছিলেন পোডলস্কি। সম্প্রতি তিনি ক্লাবটিকে দীর্ঘ প্রতীক্ষিত পোলিশ কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং একই সঙ্গে ক্লাবটির মালিকানার অংশও গ্রহণ করেন। ফলে তার অবসরের গুঞ্জন আগেই জোরালো হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় পোডলস্কি লিখেছেন, “একটি অধ্যায় শেষ হচ্ছে, নতুন এক যুগ শুরু হচ্ছে।” তিনি আরও জানান, শনিবার রাদোমিয়াক রাদোমের বিপক্ষে ম্যাচই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। বিদায়ী ভিডিওতে নিজের খেলোয়াড়ি জীবনের প্রতিটি ক্লাবের জার্সি সাজিয়ে স্মৃতিচারণ করেন এই তারকা। পরে শান্ত ভঙ্গিতে বলেন, “ঠিক আছে, আজকের কাজ শেষ”—যা ভক্তদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ক্লাব গোরনিক জাব্রজে-ও এক বিবৃতিতে পোডলস্কিকে ধন্যবাদ জানিয়ে বলেছে, “সবকিছুর জন্য ধন্যবাদ, পোলদি। নতুন ভূমিকায় শুভকামনা।” দুর্দান্ত বাঁ-পায়ের শট ও সহজ-সরল ব্যক্তিত্বের জন্য বিশ্বজুড়ে সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন পোডলস্কি। জার্মান জাতীয় দলের হয়ে তিনি ১৩০ ম্যাচে ৪৯ গোল করেন, যা তাকে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে রাখে।

ক্লাব ক্যারিয়ারে তিনি বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, ইন্টার মিলান, গালাতাসারাই, ভিসেল কোবে ও আনতালিয়াসপোরের মতো বহু ক্লাবে খেলেছেন। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলেন এই বিশ্বকাপজয়ী তারকা।