সুন্দরবনে দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার


জী এম, নূরুল হুদা, বাগেরহাট প্রতিনিধি প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
সুন্দরবনে দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার

সুন্দরবনে দস্যু দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। সুন্দরবন পূর্ব বন বিভাগের আন্দারমানিকের টোটা, কেওড়াতলা খাল ও শিবসা নদীর বড় দুদমুখ খাল সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

অভিযানের সময় একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার (২২ মে) দুপুর ১২টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস সোনার বাংলার নির্বাহী কর্মকর্তা শেখ সাদমান বিন মাহমুদ

তিনি জানান, দয়াল বাহিনীর সদস্যরা ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল সংলগ্ন এলাকা থেকে ১০ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছিল। অপরদিকে বড় জাহাঙ্গীর বাহিনী শিবসা এলাকা থেকে আরও ১১ জেলেকে অপহরণ করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কোস্টগার্ড ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দয়াল বাহিনীর কবলে থাকা ১০ জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। একই দিন বিকেলে বড় দুদমুখ খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ড পাল্টা গুলি চালালে দস্যুরা বনের গভীরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা আরও ১১ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়। কোস্টগার্ড কর্মকর্তা শেখ সাদমান বিন মাহমুদ জানান, উদ্ধার হওয়া জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা দিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে কোস্টগার্ড।