চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতার নৃশংস হ’ত্যা


আবু সালাম, চকরিয়া প্রতিনিধি প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতার নৃশংস হ’ত্যা

কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৌলভীর কুম বাজার এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে নিজ পিতার নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ব্যক্তি হলেন এলাকার বাসিন্দা খলিলুর রহমান (৭৫)। তিনি পা-হারা একজন প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন। স্থানীয়দের অভিযোগ, তার ছেলে মোহাম্মদ মিনার (২৮) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ির পথে ফিরছিলেন বৃদ্ধ খলিলুর রহমান। পথে হঠাৎ তার ছেলে মিনার অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা অভিযুক্ত মিনারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদ মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার আচরণে অতিষ্ঠ হয়ে পরিবারের অন্য সদস্যরা আগেই আলাদা হয়ে যান। পারিবারিক সূত্রে জানা যায়, নির্যাতনের ঘটনায় এর আগেও খলিলুর রহমান থানায় অভিযোগ করেছিলেন। সেই মামলায় মিনার কিছুদিন কারাভোগও করেন। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও এই নৃশংস হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ নির্মম হত্যাকাণ্ডে এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।