ধর্ষণ খুন সহ আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনগণের নিরাপত্তা রক্ষায় নওগাঁয় মানববন্ধন


এ.বি.এস রতন, স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
ধর্ষণ খুন সহ আইনশৃঙ্খলার  চরম অবনতিতে জনগণের নিরাপত্তা রক্ষায় নওগাঁয় মানববন্ধন

দেশে চলমান ধর্ষণ, খুনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৬টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে পৌরসভার সামনে “নওগাঁর সাধারণ জনগণ”-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক ফজলে রাব্বি, নাসিম রেজা, জান্নাতুন নাইমা, শাকিল ও রাজনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দেশে দিন দিন ধর্ষণ ও হত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা অভিযোগ করেন, অনেক ঘটনার বিচার দীর্ঘসূত্রতায় পড়ে যাওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, ফলে অপরাধ প্রবণতা আরও বাড়ছে।

সম্প্রতি রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিশাকে নৃশংসভাবে হত্যার ঘটনাও মানববন্ধনে উঠে আসে। বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘাতক সোহেল রানার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, বিচার বিলম্বিত হলে মানুষের আইনের প্রতি আস্থা কমে যাবে। তাই ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধে দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন করে অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।

মানববন্ধন থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।