চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক


শিমুল রেজা, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় রূপার বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ মে) দুপুর পৌনে ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন নান্টুরাজ সিনেমা হল এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নারী হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট চাঁদপুর এলাকার মরহুম শাহজাহানের স্ত্রী রিজিকা বেগম (৬০)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান রাত সোয়া ৮টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন নান্টুরাজ সিনেমা হল এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ঢাকা থেকে ট্রেনযোগে আসা রিজিকা বেগমকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ছোট-বড় মিলিয়ে ১৮টি অবৈধ ভারতীয় রূপার বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি সিম্ফনি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, উদ্ধার করা রূপার মোট ওজন প্রায় ৪ কেজি ১০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত রূপাগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।