ঘাটাইলে বনভূমি দখল করে নির্মিত ঘর উচ্ছেদে বন বিভাগের অভিযান


টাংগাইল জেলা প্রতিনিধি,মোশারফ হোসেন মুরাদ প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
ঘাটাইলে বনভূমি দখল করে নির্মিত ঘর উচ্ছেদে বন বিভাগের অভিযান

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ধলাপাড়া রেঞ্জের আওতাধীন সদর বিট এলাকায় অবৈধভাবে বনভূমি দখল করে নির্মিত একটি ঘর উচ্ছেদ করেছে বন বিভাগ। শুক্রবার (২২ মে, ২০২৬) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ধলাপাড়া রেঞ্জের শহরগোপিনপুর মৌজার ঠাকুরিয়াচালা গ্রামে কামাল হোসেন নামের এক ব্যক্তি বন বিভাগের জমি দখল করে সেখানে ঘর নির্মাণ করেন। বিষয়টি জানার পরই দ্রুত অভিযান পরিচালনা করে বন বিভাগ।

অভিযানটি পরিচালনা করেন ধলাপাড়া বিট কর্মকর্তা সাফেরুজ্জামান। তিনি জানান, বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয় এবং দখল করা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও বলেন, বনভূমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই বনভূমি দখল সহ্য করা হবে না। অভিযান চলাকালে ধলাপাড়া বিটের কর্মচারীরা এবং স্থানীয় ধলাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম (শফি) উপস্থিত ছিলেন।

বন বিভাগ জানিয়েছে, পরিবেশ ও বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।