কৃষি বাজেট ২০২৬-২৭: কৃষিকে জাতীয় পেশা ঘোষণাসহ ২০ প্রস্তাবনা দিল কৃষক ঐক্য ফাউন্ডেশন


মোহাম্মদ নজরুল ইসলাম এরশাদ, স্টাফ রিপোর্টার: প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
কৃষি বাজেট ২০২৬-২৭: কৃষিকে জাতীয় পেশা ঘোষণাসহ ২০ প্রস্তাবনা দিল কৃষক ঐক্য ফাউন্ডেশন

“কৃষক বাঁচলে বাঁচবে দেশ, বাজেট হোক কৃষকের কল্যাণে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ২০২৬–২০২৭ অর্থবছরের কৃষি বাজেট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সভার আয়োজন করে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন

আলোচনা সভায় কৃষিকে জাতীয় পেশা হিসেবে ঘোষণা করার দাবি সহ ২০ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। লিখিত ও মৌখিকভাবে এসব প্রস্তাবনা উপস্থাপন করেন সমাজসেবক ও রাজনীতিবিদ ফুয়াদ সাকি।

বক্তারা বলেন, দেশের কৃষিখাতকে টেকসই ও লাভজনক করতে বাজেটে কৃষি ভর্তুকি বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা, উন্নত বীজ উৎপাদন ও সংরক্ষণ, জৈব সার ব্যবহারে উৎসাহ এবং কৃষি যান্ত্রিকীকরণে প্রণোদনা বাড়ানো জরুরি।

তারা আরও বলেন, কৃষকদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা উপকরণ, স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ, উৎসব ভাতা এবং বয়স্ক ভাতার মতো সামাজিক নিরাপত্তা সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে একটি মূল্য নির্ধারণ কমিশন গঠন, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন এবং উপজেলা পর্যায়ে কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি জানানো হয়।

প্রস্তাবনায় কৃষি, মৎস্য, হাঁস-মুরগি ও গবাদিপশু খামারের জন্য বীমা সুবিধা চালু, আধুনিক কৃষিযন্ত্রে ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকি, সুদমুক্ত কৃষিঋণ এবং প্রান্তিক কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ প্রদানের সুপারিশ করা হয়। একই সঙ্গে সোলার বিদ্যুৎ প্রকল্পের জন্য আবাদি জমি ব্যবহার না করার দাবি জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও তারা এখনও নানা সংকটে রয়েছে। তাই কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করতে হবে।আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক, কৃষক পরিবার, সাংবাদিক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।