ঈদুল আজহাকে ঘিরে মিরপুরে বাজারে কামারশিল্পীদের ব্যস্ততা


মিরপুর উপজেলা প্রতিনিধি, আশিক। প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
ঈদুল আজহাকে ঘিরে মিরপুরে বাজারে কামারশিল্পীদের ব্যস্ততা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কুষ্টিয়ার মিরপুর উপজেলার রামনগর বাজারে এখন ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের তাপ আর হাতুড়ির শব্দে মুখর হয়ে উঠেছে পুরো বাজার এলাকা। কোরবানির পশু জবাইয়ের প্রয়োজনীয় সরঞ্জাম তৈরিতে দিন-রাত কাজ করছেন তারা।

বাজারের বিভিন্ন কামারশালায় গিয়ে দেখা যায়, আগুনে লোহা পুড়িয়ে তৈরি করা হচ্ছে দা, বটি, ছুরি, চাপাতি, ডাশাসহ নানা ধরনের সরঞ্জাম। বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদুল আজহার আগে কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় কারিগররা।

কামারশিল্পীরা জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই তাদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পায়। ক্রেতাদের চাহিদা মেটাতে অনেকেই আগেভাগেই প্রস্তুতি নিয়ে বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি করছেন। কেউ কেউ পুরোনো যন্ত্রপাতিও ধার দিয়ে নতুনের মতো করে তুলছেন।

স্থানীয় কামারশিল্পী আব্দুল কাদের বলেন, “ঈদের আগে আমাদের সবচেয়ে বেশি কাজ থাকে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়। এখনো পুরোপুরি বেচাকেনা শুরু হয়নি, তবে সামনে আরও চাপ বাড়বে।”

রামনগর বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, গত বছরের তুলনায় এবার তারা বেশি প্রস্তুতি নিয়েছেন। যদিও এখনো বাজারে ক্রেতাদের ভিড় খুব বেশি নয়, তবে ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা। তারা আরও বলেন, কোরবানির সময় ভালো বিক্রি হলে সারা বছরের লোকসান অনেকটাই পুষিয়ে নেওয়া যায়। তাই এ সময়টিকে ঘিরে কামারশিল্পীদের মধ্যে বাড়তি উৎসাহ কাজ করে।

কামারশিল্পীদের এই ব্যস্ততা শুধু তাদের জীবিকার মাধ্যমই নয়, বরং গ্রামীণ ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক প্রযুক্তির প্রভাবে অনেক পুরোনো পেশা হারিয়ে গেলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে এখনো টিকে আছে শত বছরের ঐতিহ্যবাহী এই কামারশিল্প।