যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা, পলাতক স্বামী গ্রেফতার


স্টাফ রিপোর্টার, চঞ্চল প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা, পলাতক স্বামী গ্রেফতার

নীলফামারীতে বহুল আলোচিত গৃহবধূ সাদিয়া হত্যা মামলার প্রধান আসামি ও পলাতক স্বামী আলামিনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর উপজেলার রামনগর ইউনিয়নের বড়ডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, নিহত সাদিয়ার মা হাসি বেগম দায়ের করা মামলায় অভিযোগ করেন, বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে সাদিয়ার ওপর নির্যাতন চালাত আসামিরা। ঘটনার সময় সাদিয়া ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি আলামিন বাঁশের লাঠি দিয়ে সাদিয়াকে মারধর করে এবং পরে অন্য আসামিদের সহায়তায় শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এরপর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল র‌্যাব। র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।