শালবন পুনরুদ্ধার প্রকল্পে নতুন উদ্যোগ

মধুপুর রেঞ্জে শালগাছ মডেল প্লট উদ্বোধন


টাঙ্গাইল জেলা প্রতিনিধি, মোশারফ হোসেন প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
মধুপুর রেঞ্জে শালগাছ মডেল প্লট উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুর রেঞ্জের আওতাধীন মহিষমারা বিটে শালগাছের মডেল প্লটের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে “মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা” প্রকল্পের আওতায় শালবন পুনরুদ্ধার ও শালসহ সহযোগী প্রজাতির চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান, মধুপুর রেঞ্জ কর্মকর্তা, মহিষমারা বিট কর্মকর্তা আসাদুজ্জামান টিটুসহ বিটের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া স্থানীয় সমাজসেবক ও কাঠ ব্যবসায়ী মো. লিটন মুন্সিসহ স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন বলেন, ২০২৬ সালে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মধুপুর রেঞ্জে ব্যাপক আকারে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি জানান, টাঙ্গাইলের মধুপুর এলাকায় চারটি রেঞ্জে মোট প্রায় ১১০০ একর জমিতে প্রায় ১২ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, মধুপুরের ঐতিহ্যবাহী শালবন পুনরুদ্ধারে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একসময় এখানে প্রায় ৪৫,৫৬৫ একর শালবন ছিল, যা বিভিন্ন কারণে দখল ও সামাজিক বনায়নের চাপে সংকুচিত হয়েছে। নতুন উদ্যোগের মাধ্যমে শালবন পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে।

প্রকল্পের আওতায় শালগাছের পাশাপাশি আদা, হলুদ ও আনারসের মতো সাথী ফসল চাষের সুযোগ রাখা হয়েছে। এতে স্থানীয় জনগণ অর্থনৈতিকভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। বন বিভাগ জানায়, দীর্ঘমেয়াদে এসব গাছ বড় হলে স্থানীয় জনগণও আর্থিকভাবে লাভবান হবেন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।