
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র আবারও চোটে পড়েছেন। তবে তার পায়ের কাফ অঞ্চলের এই চোট গুরুতর নয় বলে জানিয়েছে ক্লাব সান্তোস। ক্লাবের চিকিৎসকরা মনে করছেন, এই চোট বিশ্বকাপে তার অংশগ্রহণে কোনো বাধা সৃষ্টি করবে না।
সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোহাইব জানিয়েছেন, নেইমারের কাফ এলাকায় সামান্য ফোলা রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার (২০ মে) তার ইনজুরির প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, “নেইমারের ছোট একটি কাফ ইনজুরি রয়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে সে জাতীয় দলে যোগ দিতে পারবে।”
ক্লাব সূত্রে জানা গেছে, ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য নির্ধারিত সময়ের আগেই নেইমার সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৭ মে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে ব্রাজিল দলে তার যোগ দেওয়ার কথা রয়েছে। বর্তমানে তাকে সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার মধ্যে রাখা হয়েছে।
এছাড়া ব্রাজিল ফুটবল ফেডারেশনের চিকিৎসকরাও তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন। গত রোববার (১৭ মে) করিতিবার বিপক্ষে ম্যাচ চলাকালীন এই চোট পান নেইমার। এর ফলে তিনি স্যান লরেঞ্জোর বিপক্ষে মাঠে নামতে পারেননি এবং গ্রেমিওর বিপক্ষে আসন্ন লিগ ম্যাচেও তার খেলা অনিশ্চিত।
এর আগে ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেন, যেখানে নেইমারের নাম রাখা হয়। দীর্ঘদিন ধরে তার ফিটনেস নিয়ে আলোচনা চললেও দলে তার অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়। তবে দল ঘোষণার পরপরই আবারও এই চোট নতুন করে উদ্বেগ তৈরি করেছিল।
তবে সান্তোসের সর্বশেষ আশ্বাসে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। চিকিৎসকরা আশা করছেন, সঠিক বিশ্রাম ও পুনর্বাসনের মাধ্যমে নেইমার দ্রুতই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।
আপনার মতামত লিখুন :