কবজিকাটা ও আই ডোন্ট কেয়ার গ্রুপের প্রধান আহমেদ গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১:১১ অপরাহ্ণ
কবজিকাটা ও আই ডোন্ট কেয়ার গ্রুপের প্রধান আহমেদ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’–এর প্রধান এবং ‘কবজিকাটা গ্রুপ’–এর দ্বিতীয় প্রধান আহমেদ (২৫)–কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার (২১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।

তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আহমেদকে একটি অবৈধ দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ আটক করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহমেদ স্বীকার করেছেন যে তিনি এবং তার সহযোগীরা মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তারা অস্ত্র প্রদর্শন ও মহড়ার মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, আহমেদ ‘কবজিকাটা গ্রুপ’–এর দ্বিতীয় প্রধান এবং ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’–এর নেতৃত্ব দিতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সিডিএমএস যাচাই ও বিভিন্ন সূত্র অনুযায়ী, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।