হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও চার শিশু।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে সারা দেশে আরও এক হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে। সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০৮ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট আট হাজার ২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

এদিকে, চলতি প্রাদুর্ভাবের সময় থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ শিশু। প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৪০৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। সবমিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই শিশুদের সময়মতো টিকা প্রদান, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের জ্বর, শরীরে ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।