হঠাৎ মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার, ঘটনা কী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
হঠাৎ মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার, ঘটনা কী

আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলমান থাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলমান থাকায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয় প্রাঙ্গণের সবগুলো গেটে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে গণমাধ্যমকর্মীদের স্টেডিয়াম প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যদের সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের জন্য নির্দিষ্ট নির্দেশনাও জারি করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, যাচাই-বাছাইয়ের সুবিধার্থে সব গণমাধ্যম প্রতিনিধিকে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে প্রবেশ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হবে না।

নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বানও জানিয়েছে বিসিবি। আগামী ৭ জুনের নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে কাউন্সিলর ও সংশ্লিষ্ট প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। ফলে নির্বাচন ঘিরে ক্রিকেট অঙ্গনে বাড়ছে উত্তেজনা ও আগ্রহ।