সোনাইমুড়ীতে শিশু রামিসা হ’ত্যা’র প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও র‍্যালি


সোনাইমুড়ি উপজেলা প্রতিনিধি, মনিরুজ্জামান  প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
সোনাইমুড়ীতে শিশু রামিসা হ’ত্যা’র প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও র‍্যালি

নারী নির্যাতন, ধর্ষণ এবং রাজধানীতে ২য় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নোয়াখালীর সোনাইমুড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। একইসঙ্গে একটি র‍্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সোনাইমুড়ী তামিরুল উম্মাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে বাইপাস সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসাইন ভূঁইয়া, মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল, পরিচালক মাসুদ আলম এবং সহকারী মুহতামিম জাকারিয়া শিহাব।

বক্তারা বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে এবং অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে থাকায় অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে। এতে সমাজে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আইনে সর্বোচ্চ শাস্তির বিধান থাকলেও দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে। এতে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাচ্ছে।

তারা দ্রুত বিচার নিশ্চিত করা এবং ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।