সরাইলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চার শ্রমিকের করুণ মৃ’ত্যু’


সরাইল ক্রাইম রিপোর্টার, ফয়জুল কবির প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ২:২২ অপরাহ্ণ
সরাইলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চার শ্রমিকের করুণ মৃ’ত্যু’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার (২০ মে) বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গলানিয়া পূর্বপাড়ার রোকন আলীর ছেলে হৃদয় (২৬), ধর্মতীর্থ এলাকার শুকুর আলীর ছেলে আরমান (১৮), গলানিয়া পশ্চিমপাড়ার মোশারফ হোসেনের ছেলে ইমাম হোসেন (২৬) এবং গলানিয়া মধ্যপাড়ার দুলাল মিয়ার ছেলে মমসাদ (১৭)। তারা সবাই সরাইল উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা যায়, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করার সময় প্রথমে একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে একে একে আরও কয়েকজন নিচে নামলে তারাও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করেন। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই শ্রমিকদের মৃত্যু হয়েছে।

সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ বলেন, তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।