শ্যামনগরে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন


শ্যামনগর প্রতিনিধি, এস কে সিরাজ   প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
শ্যামনগরে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন

সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস-২০২৬ যথাযথ মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গত ২০ মে কালিঞ্চী মুন্ডাপাড়া, রমজাননগরে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের শ্যামনগর কর্ম এলাকার প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো এবং হিসাবরক্ষক অপু চৌকিদারসহ সংস্থার স্বেচ্ছাসেবকবৃন্দ।

আলোচনায় ডাউন সিনড্রোম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সমাজে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, সামাজিক সচেতনতা ও সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিত করা গেলে ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিরা তাদের সক্ষমতা অনুযায়ী সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানটি স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে এবং ডাউন সিনড্রোম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।