শিশু রামিসা হত্যার বিচার নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
শিশু রামিসা হত্যার বিচার নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এমন নির্মম ঘটনার বিচার যত দ্রুত হবে, বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা তত বাড়বে।

বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচার পাওয়া যেকোনো নাগরিকের মৌলিক অধিকারের অংশ। তিনি বলেন, “এ ধরনের নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব সম্পন্ন করা যাবে, দেশের সাধারণ মানুষের বিচারব্যবস্থার প্রতি আস্থা তত বেশি ফিরে আসবে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব দ্রুত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেবে বলে তিনি আশা করছেন। রাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের স্পর্শকাতর ও মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এমন অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারপ্রক্রিয়ার গতি বাড়ানো এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সমাজে অপরাধপ্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) আদালতে হাজির করা হলে সোহেল রানা নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। বর্তমানে মামলার আসামিরা কারাগারে রয়েছেন এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।