
উয়েফা ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে হারিয়ে শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ইউরোপীয় প্রতিযোগিতায় দীর্ঘ ৪৪ বছরের শিরোপাখরা কাটিয়ে এই সাফল্য অর্জন করেছে দলটি। একই সঙ্গে প্রায় ৩০ বছর পর বড় কোনো শিরোপা জয়ের স্বাদ পেল অ্যাস্টন ভিলা।
দলের এই ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক Emiliano Martínez। ম্যাচের আগে ওয়ার্ম-আপে আঙুল ভেঙে গেলেও পুরো ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে নিজের খেলা সাতটি ফাইনালেই জয়ের শতভাগ রেকর্ড ধরে রাখলেন এই তারকা গোলরক্ষক।
বুধবার (২০ মে) ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মার্টিনেজ বলেন, এটি তার জন্য গর্বের মুহূর্ত। তিনি বলেন, ম্যাচের আগে আঙুলে চোট পেলেও খেলা চালিয়ে গেছেন এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই তিনি সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তিনি আরও বলেন, এর আগে কখনও তার আঙুল ভাঙেনি। বল ধরতে গেলেই আঙুল সরে যাচ্ছিল, তবুও দলের জন্য লড়াই চালিয়ে গেছেন। অ্যাস্টন ভিলার জার্সি পরে শিরোপা জিততে পারাকে তিনি বিশেষ গর্বের বলে উল্লেখ করেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্টিনেজের চোট গুরুতর নয়। ফলে জাতীয় দলের হয়ে আসন্ন বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক সূচিতে অংশ নিতে তার কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। আঙুলে ব্যথা নিয়েও তিনি পুরো ৯০ মিনিট খেলেন।
শিরোপা জয়ের পর উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় মার্টিনেজকে। কখনও কোচ উনাই এমেরির সঙ্গে উদযাপন করেছেন, আবার কখনও সতীর্থদের কাঁধে তুলে নেচেছেন। পরে গ্যালারিতে গিয়ে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তিনি।
ফাইনালে মার্টিনেজের জয়যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালে আর্সেনালের হয়ে। ওই বছর এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জয়ের মাধ্যমে তার ফাইনাল জয়ের ধারাবাহিকতা শুরু হয়। এরপর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ ও আবারও কোপা আমেরিকার শিরোপা জেতেন তিনি।
সবমিলিয়ে এখন পর্যন্ত খেলা সাতটি ফাইনালের প্রতিটিতেই জয় পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, যা তাকে বর্তমান ফুটবলের অন্যতম সফল বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আপনার মতামত লিখুন :