
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে দুইটি প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখস্থ সেবা হাসপাতাল প্রাইভেট এবং নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা উভয় প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স নবায়ন না থাকা, প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও সার্টিফিকেটধারী টেকনিশিয়ানের স্বল্পতা ইত্যাদির কারণে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেবা হাসপাতাল প্রাইভেটকে ২০ হাজার এবং নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মামুনুর রশিদ পলাশ এবং রায়পুর থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নিগার সুলতানা জানান, হাসপাতাল দুটি লাইসেন্স হালনাগাদ না থাকা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার কারণে ভোক্তা অধিকার আইনের আওতায় জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :