রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) থেকেই তারা মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন।

জানা গেছে, ঈদ উপলক্ষে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ ঢাকার আশপাশের এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছে নিউমার্কেট এলাকা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এবং গাজীপুর চৌরাস্তা এলাকা।

ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীচাপ ও যানজট ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা এবং মহাসড়কগুলোতেও বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যানজটপ্রবণ এলাকাগুলোতে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তারা মাঠে কাজ করছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদ উপলক্ষে ঈদের আগে সাত দিন এবং ঈদের পর তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমেও সহায়তা করবেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে জনসাধারণের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবির এই মোতায়েন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।