মাগুরার আছিয়াকে ভুলে গেছেন? ফাঁসির রায় হলেও ঝুলে আছে বিচার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
মাগুরার আছিয়াকে ভুলে গেছেন? ফাঁসির রায় হলেও ঝুলে আছে বিচার

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার এক বছর পেরিয়ে গেলেও এখনো কার্যকর হয়নি আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে শিশুটির পরিবার। বিশেষ করে আছিয়ার মা বলছেন, মেয়েকে হারানোর শোক এখনো কাটেনি, তার ওপর বিচার কার্যকর না হওয়ায় তাদের কষ্ট আরও বাড়ছে।

গত বছরের এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বিচারিক আদালত মামলার প্রধান আসামি হিটু শেখ–কে মৃত্যুদণ্ড দিলেও বর্তমানে মামলাটি উচ্চ আদালতের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। ফলে কবে রায় কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে পরিবার।

মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ছোট্ট টিনের ঘরে এখনো মেয়ের স্মৃতি আঁকড়ে দিন কাটাচ্ছেন আছিয়ার মা আয়েশা খাতুন। তিনি গণমাধ্যমকে বলেন, “মেয়েটা মারা গেছে অনেক আগেই, কিন্তু এখনো খুনির ফাঁসি দেখলাম না।”

তিনি আরও বলেন, ঘটনার পর অনেকেই পাশে থাকার আশ্বাস দিলেও এখন আর কেউ খোঁজ নেয় না। একটি গাভির দুধ বিক্রি করে কোনোভাবে সংসার চালাতে হচ্ছে তাদের। তার ভাষায়, “খুনি জেলে বসে ভালো আছে, আর আমরা প্রতিদিন কষ্ট নিয়ে বাঁচছি। এত দেরি হলে ভয় হয়, শেষে যদি বিচারই না পাই।”

২০২৫ সালের ৫ মার্চ বোনের শ্বশুরবাড়িতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয় আট বছরের আছিয়া। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি ওঠে।

বাদীপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আসামির করা আপিল বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। তারা আশা করছেন, দ্রুত শুনানি শেষে রায় বহাল থাকবে এবং তা কার্যকর করা সম্ভব হবে।

এদিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আলোচিত মামলার বিচার দীর্ঘসূত্রতায় আটকে থাকলে অপরাধীদের মধ্যে নেতিবাচক বার্তা যায়। তাই দ্রুত বিচার কার্যকর করে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানিয়েছেন তারা।