বগুড়াকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রীর: সিটি কর্পোরেশন প্রশাসক


শারমিন খাতুন: প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
বগুড়াকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রীর: সিটি কর্পোরেশন প্রশাসক

বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ শহর বগুড়াকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান। বিশেষভাবে শহরের প্রাণকেন্দ্র সাতমাথাসহ পুরো নগরীকে এই লক্ষ্যে উন্নত করার নির্দেশনা প্রদান করেছেন তিনি। প্রশাসক জানান, ট্রাফিক বিভাগকে এই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসক স্বাধীন তাঁর প্রথম কর্মদিবসে ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো: সালেকুজ্জামান খানের সঙ্গে আলাপকালে এ কথাগুলো জানান। তিনি ট্রাফিক ইন্সপেক্টরের আন্তরিকতা ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী নগরীকে সুপরিকল্পিতভাবে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন করা হবে।

প্রশাসক আরও জানান, প্রধান সড়ক ও ফুটপাত দখল করে যে স্বল্পপুঁজির ব্যবসায়ীরা বর্তমানে ব্যবসা করছেন, ঈদের আগে তাদের রুজি রুটিতে আঘাত না করতে প্রশাসন সতর্ক। তবে নগরীর লাখো মানুষের ভোগান্তি সৃষ্টি করতে কিছু গুটকয়েকের জন্য অসুবিধা মেনে নেওয়া হবে না। ঈদের পর ট্রাফিক বিভাগকে নিয়ে নগরীকে যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্ত করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক ইন্সপেক্টর মো: সালেকুজ্জামান খান বলেন, পুলিশের একার পক্ষে নগরীর যানজট সমস্যার সমাধান কঠিন। তবে সিটি কর্পোরেশনের প্রশাসকের আন্তরিক নেতৃত্বে এটি সম্ভবপর হবে। তারা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে নগরবাসীর জন্য কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ কাজ অব্যাহত রাখবেন।