নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নাবিক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নাবিক

জাতীয় পতাকার প্রতি অবিচল আনুগত্য, দেশরক্ষার অঙ্গীকার এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন ২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিক।

বৃহস্পতিবার (২১ মে) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তাদের বুটক্যাম্প প্রশিক্ষণের সফল সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পদক ও পুরস্কার বিতরণ করেন।

প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন মো. শাহরিয়ার টুটুল। দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ পান মো. সামিউল ইসলাম শাকিল। তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মো. কাদের মিয়া। এ ছাড়া সেরা নারী নাবিক হিসেবে মোছা. মারিয়া আক্তার ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ অর্জন করেন। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সব বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, আধুনিক নৌবাহিনী গঠনের লক্ষ্যে বহরে নতুন হেলিকপ্টার, মানববিহীন আকাশযান, মাল্টি মিশন ইন্টারসেপ্টর বোট এবং পেট্রোল বোট সংযোজন করা হয়েছে। পাশাপাশি নিজস্ব তথ্যকেন্দ্র, নৌ যোগাযোগ নেটওয়ার্ক, হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ এবং আধুনিক ড্রোন সিস্টেম সংযোজনের কাজ চলমান রয়েছে। তিনি আরও জানান, নৌবাহিনীর শিপইয়ার্ডগুলো নিজেদের সক্ষমতায় যুদ্ধজাহাজ ও সহায়ক জাহাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নৌবাহিনী প্রধান বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্ব পালনে নৌবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

তিনি নবীন নাবিকদের সততা, শৃঙ্খলা, আনুগত্য ও দেশপ্রেমের আদর্শ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে সেনা ও বিমানবাহিনীর সঙ্গে সমন্বয় করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন। বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে নবীন নাবিকরা আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয়ে দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।