নেপালে একদিনে রেকর্ড ২৭৪ পর্বতারোহীর এভারেস্ট জয়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
নেপালে একদিনে রেকর্ড ২৭৪ পর্বতারোহীর এভারেস্ট জয়

নেপালের দিক থেকে এক দিনে সর্বাধিক সংখ্যক পর্বতারোহীর মাউন্ট এভারেস্ট জয় করার নতুন রেকর্ড তৈরি হয়েছে। বুধবার (২০ মে) অনুকূল আবহাওয়ার সুযোগে একসঙ্গে ২৭৪ জন পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ এই পর্বতচূড়ায় পৌঁছান বলে নিশ্চিত করেছেন নেপালের এক পর্বতারোহণ কর্মকর্তা। এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের তিব্বত অঞ্চলের সীমান্তে অবস্থিত। দুই দিক থেকেই পর্বতারোহীরা শীর্ষে পৌঁছাতে পারেন। তবে এবারের মৌসুমে তিব্বতের দিক থেকে কোনো আরোহী এভারেস্টে উঠতে পারেননি, কারণ চীনা কর্তৃপক্ষ ওই রুটে পর্বতারোহণের অনুমতি দেয়নি। ফলে পুরো চাপ নেপাল রুটেই কেন্দ্রীভূত হয়।

নেপালের এক্সপিডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ঋষি ভান্ডারি জানান, এর আগে নেপালের দিক থেকে এক দিনে সর্বাধিক ২২৩ জন পর্বতারোহীর এভারেস্ট জয় করার রেকর্ড ছিল, যা ২০১৯ সালের ২২ মে তৈরি হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল ২০২৬ সালের মৌসুম।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেক পর্বতারোহী এখনো বেস ক্যাম্পে ফিরে এসে চূড়ায় আরোহণের আনুষ্ঠানিক প্রমাণ জমা দেননি। নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বুধবার ২৫০ জনের বেশি পর্বতারোহী শীর্ষে পৌঁছেছেন। তবে চূড়ান্ত সংখ্যা নিশ্চিত হতে সময় লাগবে, কারণ ছবি ও প্রয়োজনীয় নথি যাচাইয়ের পরই সনদ প্রদান করা হবে।

বিশেষজ্ঞদের মতে, মে মাসের শেষদিকে হঠাৎ অনুকূল আবহাওয়ার কারণে অপেক্ষমাণ পর্বতারোহীরা একসঙ্গে শীর্ষে ওঠার সুযোগ পান। এর ফলেই এক দিনে এত বিপুল সংখ্যক আরোহীর এভারেস্ট জয় সম্ভব হয়েছে। এর আগে ২০১৯ সালে নেপাল ও তিব্বত দুই দিক মিলিয়ে এক দিনে সর্বোচ্চ ৩৫৪ জন পর্বতারোহী এভারেস্টে পৌঁছানোর রেকর্ড ছিল।