নওগাঁয় পাচারের সময় ৯শ কেজি সরকারি চাল উদ্ধার, আটক -১


নওগাঁ প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১:১১ অপরাহ্ণ
নওগাঁয় পাচারের সময় ৯শ কেজি সরকারি চাল উদ্ধার, আটক -১

নওগাঁর মান্দা উপজেলায় পাচারের সময় ৯শ কেজি সরকারি ভিজিএফের চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উজ্জ্বল সাকিদার নামে এক ভ্যানচালককে আটক করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে মূল অভিযুক্ত বাবু মণ্ডলসহ কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

গত বুধবার বিকেলে উপজেলার মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে মান্দা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মৈনম ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দ সরকারি ভিজিএফের চাল অবৈধভাবে মজুত করে খোলাবাজারে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবু মণ্ডলের বাড়ির মূল ফটকের পাশে থাকা একটি টিনশেড রান্নাঘরে তল্লাশি চালিয়ে ৩০টি বস্তাভর্তি মোট ৯শ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।

এদিকে একই সময়ে আশপাশ এলাকায় তল্লাশি চালানোর সময় নিন্দইন ব্রিজ মোড় থেকে মৈনম বাজার হয়ে বাবু মণ্ডলের বাড়ির দিকে যাওয়ার পথে একটি ভ্যান আটক করে পুলিশ। পরে ভ্যানে থাকা চাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে চালক উজ্জ্বল সাকিদার স্বীকার করেন, তিনি টিসিবির পণ্য ও সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সেখানে নিয়ে যাচ্ছিলেন। এরপর তাকে আটক করা হয় এবং ব্যবহৃত ভ্যানটি জব্দ করা হয়।

পুলিশের দাবি, আটক উজ্জ্বল সাকিদার ও পলাতক বাবু মণ্ডল দীর্ঘদিন ধরে যোগসাজশে সরকারি চাল মজুত ও কালোবাজারির সঙ্গে জড়িত। তারা দরিদ্র মানুষের জন্য বরাদ্দ চাল বেশি দামে বিক্রির চেষ্টা করছিলেন।

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ও ২৫-ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।