দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন সেনাসদস্যরা ব্যারাকে ফিরছেন: সেনাপ্রধান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন সেনাসদস্যরা ব্যারাকে ফিরছেন: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন। দেশের ক্রান্তিকালে সেনাসদস্যদের এমন ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অংশগ্রহণকারী বিভিন্ন ইউনিটের দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

সেনাপ্রধান বলেন, গত প্রায় ১৮ মাস মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও কঠোর অনুশীলনের মাধ্যমে সেনাবাহিনী সব সময় নিজেদের প্রস্তুত রাখে, যা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলকে অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান তাদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশ ও জনগণের সেবায় সর্বোচ্চ দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।

গত ১৬ মে কুমিল্লা সেনানিবাসে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিক এলাকা, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানার্সআপ হয়। সমাপনী অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার, ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও বিপুল সংখ্যক সেনাসদস্য উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান আরও বলেন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও প্রস্তুতি সেনাবাহিনীর মূল শক্তি। তাই নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষতা আরও বাড়াতে হবে এবং সব সময় দেশের যেকোনো প্রয়োজনে প্রস্তুত থাকতে হবে।