দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস সংশ্লিষ্ট এলাকাগুলোতে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি খোলা জায়গায় চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। এদিকে আকস্মিক এই ঝড়ো আবহাওয়ায় স্থানীয় প্রশাসন ও নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।