ঢাকায় নিখোঁজ শিশুকে উদ্ধার করল পুলিশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১:১৯ অপরাহ্ণ
ঢাকায় নিখোঁজ শিশুকে উদ্ধার করল পুলিশ

রাজধানীর লালবাগ এলাকা থেকে নিখোঁজ হওয়া আড়াই বছরের শিশু রাব্বি ইসলাম হাসিবকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ মে) তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহায়তায় বেগুনবাড়ি এলাকা থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (১৫ মে) লালবাগ থানার শেখ সাহেব বাজার রোড এলাকার বাসিন্দা শিউলি আক্তার ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। দুপুরে ঘুম থেকে উঠে তারা দেখতে পান, আড়াই বছরের শিশু রাব্বি ইসলাম হাসিব বাসায় নেই। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে ওই দিনই শিশুটির মা লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পরপরই লালবাগ থানা পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়।

পরে বুধবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত শিশু বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছে। উদ্ধারের পর শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।