
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে শুধু একটি দায়িত্ব নয়, বরং মানবতার প্রতি বড় নৈতিক অঙ্গীকার হিসেবে বিবেচনা করে।
বৃহস্পতিবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ‘ফ্রাংকোফোন পরিবেশে শান্তিরক্ষা’ বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বহুপাক্ষিক কূটনীতির প্রতি বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে শামা ওবায়েদ বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের শান্তিকামী পররাষ্ট্রনীতির যে ভিত্তি তৈরি করেছিলেন, তা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় আরও সুসংহত হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ এখনো বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শান্তিরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করতে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ কর্মসূচির ওপর গুরুত্ব বাড়ানো প্রয়োজন। তিনি জানান, জাতিসংঘ মিশনে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ ক্রমাগত বাড়ছে, যা বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় নতুন মাত্রা যোগ করেছে।
বিশ্ব শান্তির জন্য জীবন উৎসর্গকারী ১৭৪ জন বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আধুনিক শান্তিরক্ষা কার্যক্রমের বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ও তুলে ধরেন। বিশেষ করে অপপ্রচার, ডিজিটাল হয়রানি এবং সংঘাতপূর্ণ পরিস্থিতিতে প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। শামা ওবায়েদ বলেন, শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাস্তবসম্মত সংস্কার, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং সেনা ও পুলিশ প্রেরণকারী দেশগুলোর সঙ্গে আরও সমন্বয়ের ওপর জোর দেন তিনি।
তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের মাধ্যমে মিশনপূর্ব প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশবান্ধব শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন। মরক্কো ও ফ্রান্স সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসাও উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় শামা ওবায়েদ ‘গ্লোবাল গ্রোথ কনফারেন্স ২০২৬’-এ অংশ নিয়ে বৈশ্বিক ভূরাজনীতি ও আন্তর্জাতিক বিভাজনের কৌশলগত প্রভাব নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :