
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে আমদানিনিষিদ্ধ ভারতীয় জিরাসহ বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় নবীজা (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে রংছাতি ইউনিয়নের হাসানোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নবীজার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আমদানিনিষিদ্ধ ভারতীয় জিরাসহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে আটক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার আরও একটি বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকেও অবৈধভাবে আনা পণ্য জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক নবীজাকে বৃহস্পতিবার দুপুরে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :