কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ

২০২৬-২০২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (২০ মে) লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম।

লন্ডনে বাংলাদেশ হাই কমিশন জানায়, কমনওয়েলথের কার্যনির্বাহী কমিটি ১৬ সদস্যবিশিষ্ট। এর মধ্যে আটটি সদস্যপদ কমনওয়েলথে সর্বোচ্চ আর্থিক অবদানকারী দেশগুলোর জন্য সংরক্ষিত থাকে। বাকি আটটি সদস্যপদ চারটি আঞ্চলিক গ্রুপ থেকে নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়। বাংলাদেশ এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে নির্বাচিত হয়ে কমিটির সদস্যপদ অর্জন করেছে।

কমনওয়েলথ সচিবালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রমে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্যনির্বাহী কমিটি সচিবালয়ের অর্থ, প্রশাসন ও জনবলসংক্রান্ত বিষয় তদারকি করে থাকে। একই সঙ্গে বোর্ড অব গভর্নরসের জন্য বিভিন্ন নীতিগত সুপারিশ প্রণয়নের দায়িত্বও পালন করে কমিটি।

এছাড়া কমিটি কমনওয়েলথের নতুন ও স্বীকৃত সংস্থাগুলোর সদস্যপদ যাচাই-বাছাইয়ের কাজও সম্পন্ন করে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক সক্রিয়তা ও বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, কমনওয়েলথের গুরুত্বপূর্ণ এ কমিটিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে বিভিন্ন নীতিগত আলোচনায় বাংলাদেশের অংশগ্রহণ ও ভূমিকা আরও বাড়াবে।