ঈদে ৭ দিন ট্রাক-লরী চলাচল বন্ধ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
ঈদে ৭ দিন ট্রাক-লরী চলাচল বন্ধ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (২০ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম সমিতির অন্তর্ভুক্ত সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেন।

চিঠিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১১ মে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের তিন দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখতে হবে।

এছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক শিল্পের মালামাল, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, পণ্য ও পশুবাহী যানবাহনে যাত্রী পরিবহন সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করতে হবে। বিশেষ করে ফিরতি পথে এসব যানবাহনে যাত্রী বহন বন্ধে কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সংশ্লিষ্ট সব সংগঠনকে নির্দেশনা বাস্তবায়নে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে মহাসড়কে ভারী যানবাহনের চাপ কমানো জরুরি।

প্রতিবছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে সড়কপথে ঘরমুখো মানুষের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে যানজট ও দুর্ঘটনা এড়াতে আগাম এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।