
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকিং সেবা নির্বিঘ্ন রাখতে এটিএম বুথ ও অন্যান্য ডিজিটাল লেনদেন ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের সময় গ্রাহকদের সুবিধার্থে দেশের সব ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি এটিএম, পয়েন্ট অব সেলস (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।
এছাড়া এটিএম বুথে ২৪ ঘণ্টা সেবা চালু রাখা, যেকোনো কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করা এবং বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বুথের নিরাপত্তা জোরদার করতে নিরাপত্তাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রাখা এবং ব্যাংক কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনের কথাও বলা হয়েছে।
পিওএস ও কিউআর কোডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার পাশাপাশি জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে এমএফএস সেবায় নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করা এবং এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ঈদের ছুটিকালীন সময়ে গ্রাহক হয়রানি রোধ, সার্বক্ষণিক হেল্পলাইন সেবা চালু রাখা এবং যেকোনো লেনদেনের তথ্য তাৎক্ষণিক এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহককে জানাতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং সংশ্লিষ্ট অপারেটরদের কাছে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :