
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময়ের জন্য বিশেষ চলাচল সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ছুটির দিনগুলোতে নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে মেট্রোরেল চলাচল করবে। তবে ঈদের দিন পুরোপুরি বন্ধ থাকবে মেট্রোরেল সেবা।
বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল এ তথ্য জানায়।
নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়বে এবং শেষ ট্রেন রাত ৯টায় যাত্রা শেষ করবে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে চলবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদের ছুটিতে যাত্রীচাপ বিবেচনায় সময়ভেদে ২০ মিনিট, ১৫ মিনিট এবং সাড়ে ১২ মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে। বিশেষ করে সকাল ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত নিয়মিতভাবে ১৫ মিনিট পরপর ট্রেন পরিচালনা করা হবে। প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
টিকিট ব্যবস্থাপনাতেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। স্টেশনগুলোতে সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একই সময়ে এমআরটি পাস ও র্যাপিড পাসে টপ-আপ সুবিধা চালু থাকবে। তবে মতিঝিল স্টেশনের ক্ষেত্রে শেষ ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি করা হবে।
এছাড়া রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের টিকিট বিক্রয় অফিস ও ভেন্ডিং মেশিন বন্ধ থাকবে। তবে যাত্রীদের কাছে আগে থেকে থাকা এমআরটি ও র্যাপিড পাস নির্ধারিত সময় অনুযায়ী ব্যবহার করে যাতায়াতের সুযোগ থাকবে।
ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের সময় যাত্রীদের সুবিধা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :