
ঐতিহ্যবাহী কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশন ইলেকট্রিক তার চুরির ঘটনায় টানা ১২ দিন ধরে অন্ধকারে রয়েছে। দেশের প্রথম রেলওয়ে জংশন হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ এই স্টেশনটির চারটি প্ল্যাটফর্মে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
১৮৬২ সালে প্রতিষ্ঠিত পোড়াদহ রেলওয়ে জংশন ব্রিটিশ আমল থেকেই দেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই জংশনের মাধ্যমে দেশের প্রায় ৩৩টি জেলার সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। তবে দীর্ঘদিন ধরেই অবকাঠামোগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের অভাবে ভোগান্তির অভিযোগ রয়েছে যাত্রীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়। এরপর থেকেই চারটি প্ল্যাটফর্ম অন্ধকারে ডুবে আছে। রাতে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্টেশন এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। প্রয়োজনীয় চাহিদাপত্রও পাঠানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”
সাধারণ যাত্রী ও স্থানীয় সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে বলেন, গুরুত্বপূর্ণ এই রেলওয়ে জংশন দীর্ঘদিন অন্ধকারে থাকলে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ বাড়তে পারে। তারা দ্রুত বৈদ্যুতিক সংযোগ পুনঃস্থাপনসহ স্টেশনের সার্বিক উন্নয়নে রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :