সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। মামলার ১৮ আসামির মধ্যে ৪ জনকে মৃত্যুদণ্ড, ৯ জনকে যাবজ্জীবন এবং ৫ জনকে খালাস দেওয়া হয়েছে। একই সঙ্গে অপর একটি অস্ত্র মামলায় আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২০ মে) বেলা ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ১৮ জন আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ৫ম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে চকরিয়ার ডুলহাজারায় যৌথ বাহিনীর একটি দল ডাকাতি দমনে অভিযান চালায়। অভিযানে সেনাবাহিনীর ৩৯ এসটি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাতদের ধাওয়া করেন এবং দুইজনকে জাপটে ধরেন। এ সময় ডাকাতরা তার ঘাড়ে ও শরীরে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

পরে আহত অবস্থায় তাকে রামু সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ বলছে, এই রায় ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। অন্যদিকে মামলার কার্যক্রমকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।