
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বুধবার (২০ মে) তাকে আদালতে হাজির করে পল্লবী থানা পুলিশ এ আবেদন করে।
এর আগে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ঘটনাস্থল থেকে সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন, হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এর আগে মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রামিসা স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান মোল্লার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা নিহত শিশুটির পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ছিলেন। কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পর পল্লবী থানা পুলিশ রামিসার মরদেহ উদ্ধার করে। পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পুলিশ জানিয়েছে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার পেছনের বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।
আপনার মতামত লিখুন :