আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

সাতক্ষীরার আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টায় আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়। পরে “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।

ওয়ার হাউজ ইন্সপেক্টর ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান এবং আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসান।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই নয়, বরং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

উল্লেখ্য, আগামী ২২ মে পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হবে।