১৬৮ কোটি টাকা দিয়ে ২০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
১৬৮ কোটি টাকা দিয়ে ২০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

দেশে খাদ্যপণ্যের সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখতে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৬৮ কোটি ৪০ লাখ টাকা। বুধবার (২০ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে এই ডাল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। মোট ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল ৫০ কেজির বস্তায় দুই ধাপে কেনা হবে।

এর মধ্যে প্রথম ধাপে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে। এ অংশের মোট ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৭৭ লাখ টাকা, যেখানে প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৭৭ পয়সা।

দ্বিতীয় ধাপে আরও ১০ হাজার মেট্রিক টন ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ৫ হাজার মেট্রিক টন ডাল আসবে ঢাকার মেসার্স মদিনা ট্রেডিং করপোরেশন থেকে, যার মোট ব্যয় ৪১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা এবং প্রতি কেজির দাম ৮৩ টাকা ৬৩ পয়সা। একই দামে রাজশাহীর মেসার্স বিসমিল্লাহ ডাল মিল থেকেও আরও ৫ হাজার মেট্রিক টন ডাল কেনা হবে, যার ব্যয়ও ৪১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ডালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।