হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড

ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ রায় ঘোষণা করেন।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি বিদিশা সিদ্দিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) জানান, রায় ঘোষণার সময় বিদিশা সিদ্দিক পলাতক ছিলেন। এ কারণে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি দায়ের করেন মোশাররফ হোসেন সিকদার নামে এক ব্যবসায়ী।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে এ রায় দেন। মামলার রায়ে আদালত প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিদিশা সিদ্দিককে দোষী সাব্যস্ত করে দণ্ডাদেশ প্রদান করেন। রায়ের পর বিষয়টি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।