স্থল ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দল নেতা হযরত আলী মোল্লা


বেলকুচি চৌহালী প্রতিনিধি, ইছাহাক হোসেন  প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
স্থল ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দল নেতা হযরত আলী মোল্লা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ২ নং স্থল ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ হযরত আলী মোল্লার নাম এখন স্থানীয়দের মুখে মুখে।

দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তিনি ইউনিয়নের সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। স্থানীয়দের মতে, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা, খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় বাসিন্দা মোঃ হারান আলী সরকার বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কারণে তরুণদের মধ্যেও হযরত আলী মোল্লার জনপ্রিয়তা বেড়েছে।

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে তিনি ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও যুব সমাজের প্রতিনিধিরা বলেন, জনগণের পাশে থেকে কাজ করেন এমন নেতৃত্বই বর্তমানে প্রয়োজন।

মোঃ হযরত আলী মোল্লা বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। জনগণ চাইলে ভবিষ্যতেও তাদের পাশে থেকে কাজ করে ২ নং স্থল ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও জানান, রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার বিস্তার, কৃষকদের সহায়তা এবং যুব সমাজের কর্মসংস্থানের বিষয়ে তাঁর বিশেষ পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সরকারি সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে তাঁর সম্ভাব্য প্রার্থিতাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও আলোচনা শুরু হয়েছে। সমর্থকরাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা ও সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকায় নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারেন হযরত আলী মোল্লা।