
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের অবরোধে প্রায় এক ঘণ্টা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
গত মঙ্গলবার (১৯ মে) বিকেল ৫টার দিকে রাস্তা পারাপারের সময় মুনতাহা ইসলাম (১৪), নওরিন আক্তার (১৪) ও হৃদি আক্তার (১৪)-কে ‘দুধের গুঁড়া’ বহনকারী একটি মিনি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ ঘটনায় স্থানীয় বাঁশ ব্যবসায়ী রাকিব (২৫)ও আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন এবং ফুটওভার ব্রিজ নির্মাণসহ সড়কের পাশে অবৈধ স্থাপনা ও বাঁশের স্তুপ অপসারণের দাবি জানান। এতে প্রায় এক ঘণ্টা ঢাকামুখী যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান থেকে মালামাল লুটের দৃশ্য দেখা যায়, যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
হাইওয়ে থানার ওসি এম এ হক জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় তিন শিক্ষার্থী আহত হওয়ার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
আপনার মতামত লিখুন :