
বাঁশখালীর প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক কাউন্সিলর মোক্তার আহমেদ (মোক্তার মেম্বার) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মরহুম মোক্তার আহমেদ বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল কাইছার বাদশা’র পিতা। তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম মোক্তার আহমেদ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর রাজনৈতিক জীবনের কঠিন সময়ে মোক্তার আহমেদ সাহসিকতার সঙ্গে পাশে ছিলেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমেও তিনি এলাকায় ব্যাপক সম্মান অর্জন করেছিলেন।
শোকবার্তায় মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মতামত লিখুন :