শাহজালালে সোনাসহ নারী যাত্রী আটক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
শাহজালালে সোনাসহ নারী যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনাল থেকে ১ কেজি ২২৮ গ্রাম সোনাসহ এক নারী যাত্রীকে আটক করেছে কর্তৃপক্ষ। আটক ওই নারীর নাম তামান্না মাইমুনা (২১)। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।

বুধবার (২০ মে) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।

বিমানবন্দর সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে ডমেস্টিক টার্মিনালে নজরদারি জোরদার করা হয়। এরপর সংশ্লিষ্ট নারী যাত্রী একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছে গ্রিন চ্যানেলের দিকে যাওয়ার সময় তাকে শনাক্ত করা হয়।

পরে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ কেজি ২২৮ গ্রাম সোনা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পাচারকৃত সোনা বহন করছিলেন।

জানা গেছে, আটক তামান্না মাইমুনা সকাল ৮টার দিকে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন।

অবৈধভাবে আনা সোনাসহ ওই যাত্রীকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।