
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে উপজেলার পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ উপজেলার উজানীগাঁও গ্রামের ছলিম মিয়ার ছেলে। আহতরা হলেন জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের ফরিদ আহমদ, জাবেদ আহমদ এবং অজ্ঞাত পরিচয়ের আরও একজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আস্তমা গ্রাম থেকে পাগলা বাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে মালবোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার রাতেও একই এলাকার আস্তমা রাস্তার মুখে আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। স্বল্প সময়ের ব্যবধানে একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। দ্রুত দুর্ঘটনার কারণ তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী উল্লাহ একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :