মিরপুরে অভিযানকালে পুলিশের ওপর হামলা, দৌড়ে প্রাণে বাঁচলেন সদস্যরা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
মিরপুরে অভিযানকালে পুলিশের ওপর হামলা, দৌড়ে প্রাণে বাঁচলেন সদস্যরা

রাজধানীর মিরপুরের পল্লবীতে সরকারি জমি উদ্ধারে পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের হামলায় অন্তত পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পল্লবীর কালশীর বাউনিয়া বাঁধ বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে সরকারি জমি উদ্ধারে বাউনিয়া বাঁধ বস্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপুর থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে স্থানীয় বাসিন্দারা এতে বাধা দেন।

ডিসি মোস্তাক সরকার বলেন, একপর্যায়ে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল পল্লবী থানা-পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ইউনিট প্রটেকশন অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম)। হামলার ঘটনায় পিওএম ও থানা-পুলিশের সদস্যরা আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পল্লবী থানা-পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।