
বিয়ের আসরে গান-বাজনা কিংবা প্রথাগত আয়োজনের পরিবর্তে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক নবদম্পতি তাদের অনুষ্ঠানকে পরিণত করেছেন পেশাদার কুস্তির (প্রফেশনাল রেসলিং) মঞ্চে। আর এই ব্যতিক্রমী বিয়ের কেন্দ্রবিন্দুতে ছিল মজার একটি শর্ত—কুস্তিতে যে হারবে, তাকে সারা জীবন ঘরের কাজ করতে হবে।
স্থানীয় গণমাধ্যম ও সাউথ চায়না মর্নিং পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়, বর হি ইনশেং চীনের গুইঝোউ প্রদেশের জুনি শহরের একজন পেশাদার কুস্তিগির। মে মাসের শুরুতে স্থানীয় একটি হোটেলে তিনি ও তার স্ত্রী মিলে এই অভিনব আয়োজন করেন।
ঐতিহ্যবাহী বিয়ের মঞ্চের বদলে সেখানে বসানো হয় একটি রেসলিং রিং। বড় পর্দায় ভেসে ওঠে নাটকীয় পোস্টার—“বর বনাম কনে”। পরে অতিথিদের সামনে শুরু হয় ‘বেস্ট-অব-থ্রি’ ফরম্যাটের প্রতিযোগিতা।
অনুষ্ঠানের শুরুতে অন্যান্য পারফর্মাররা রিংয়ে নেমে বিভিন্ন কৌশলে কুস্তি প্রদর্শন করেন। এরপর মূল আকর্ষণ হিসেবে রিংয়ে নামেন নবদম্পতি। দর্শকদের করতালির মধ্যে কনে দ্রুতই লড়াইয়ে আধিপত্য বিস্তার করেন এবং একটি শক্তিশালী ‘শোল্ডার থ্রো’ দিয়ে বরকে পরাস্ত করেন। পরে রেফারি তাকে বিজয়ী ঘোষণা করেন এবং হাস্যরস করে বলেন, তিনি “সারা জীবনের জন্য ঘরের কাজ থেকে অব্যাহতি পেয়েছেন”।
বর হি ইনশেং জানান, পুরো আয়োজনটি ছিল বিনোদনমূলক এবং আগে থেকেই পরিকল্পিত। সব পারফরমারই ছিলেন পেশাদার, তাই নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, বাজেট কমাতে গায়ক বা অন্যান্য বিনোদনমূলক পারফরম্যান্সের পরিবর্তে কুস্তির শো আয়োজনের সিদ্ধান্ত নেন।
অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথি উপস্থিত ছিলেন। বর জানান, এই আয়োজন অতিথিদের দারুণভাবে আনন্দ দিয়েছে এবং বিয়েটি স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও আশা প্রকাশ করেন, এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে চীনের তুলনামূলক কম পরিচিত পেশাদার কুস্তির প্রতি মানুষের আগ্রহ বাড়বে। সব মিলিয়ে, প্রচলিত বিয়ের ধারণাকে ভেঙে এই নবদম্পতির কুস্তির আসর এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আপনার মতামত লিখুন :